চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশজুড়ে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা না থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে এবং জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে।
রোববার (২৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, তাঁর নির্বাচনি এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিয়ত মানুষ ফোন ও বার্তা দিয়ে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের অভিযোগ জানাচ্ছেন। তিনি বলেন, “এখন মানুষ হিসাব করে বিদ্যুৎ কখন যায় তা নয়, বরং কখন আসে। রাতের ঘুম নষ্ট হচ্ছে, দিনের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।”
সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তবে প্রতিবারই গ্রিডের ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কথা জানানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বুলবুল আরও বলেন, তাঁর নির্বাচনি এলাকায় শত শত অটো রাইস মিল রয়েছে। বিদ্যুৎ চলে গেলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চালের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁর দাবি, একই ধরনের পরিস্থিতি দেশের বিভিন্ন এলাকাতেই বিরাজ করছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, সরকারদলীয় মন্ত্রী-এমপিরা বাস্তব পরিস্থিতি স্বীকার করতে চান না। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের ভোগান্তি ও বাজার পরিস্থিতি সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।