
বৃহস্পতিবার সকালে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন। তিনি নিরাপদ আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, আমের গুণগত মান বজায় রাখা, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিযোগ্য আম উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে আম রপ্তানির ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রতিনিধিসহ আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আমের উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।