চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী চিকনির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।