
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ফিফা! এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি থেকে নেওয়া এই ঐতিহ্য ২০২৬ বিশ্বকাপ থেকেই যোগ হচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে।
এক ঘোষণায় ফিফা জানায়, আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের বিজয়ী দল এই বিশেষ সম্মান পাবে। মাঠেই ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী রিং পরিয়ে দেওয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের ৩০ সদস্যের জন্য তাদের আঙুলের মাপ অনুযায়ী স্থায়ী রিং তৈরি করে দেওয়া হবে।
বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি বিশেষ সংস্করণের রিং তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি সীমিত সংস্করণের রিং আনুষ্ঠানিক লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে।
প্রতিটি রিংয়ে এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে বিজয়ী দেশের পরিচয় ও প্রতীক। প্রতিটি রিং আলাদাভাবে নম্বরযুক্ত হবে এবং সঙ্গে দেওয়া হবে সত্যতা নিশ্চিত করার সনদ। ফিফার ভাষ্য, বিশ্বকাপজয়ের স্মৃতিকে আরও দীর্ঘস্থায়ী ও ব্যক্তিগত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ট্রফি ও পদকের পাশাপাশি এবারই প্রথম যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। শিরোপাজয়ী দলের জন্য এবারের বিশ্বকাপ শুধু ট্রফি জয়ের আনন্দই নয়, বরং ইতিহাসের অংশ হয়ে থাকার এক নতুন স্মারকও এনে দেবে।