পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম। নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ থানায় নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গতকাল গভীর রাতে রাসেল ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমুত্যৃর মামলা হয়েছে।