চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অধিকার আদায়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
মোশারফ কমান্ডারের সভাপতিত্বে এবং বাবুল আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (বুলেট), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুর রহিম এবং যুগ্ম আহ্বায়ক সাবিরুল ইসলাম (মিল্লাদ)। এছাড়াও সভায় মুক্তিযোদ্ধা সংসদ এর মোঃ মোবারক রেজাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে নাচোল উপজেলার মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ৬ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো, ১.নাচোল উপজেলা চত্বরে অবস্থিত "৭ জন বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভের" পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকা অনুসারে উপজেলার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতি ও নাম ফলক নির্মাণ করতে হবে। ২.উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি নাচোল উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের কাছে অবিলম্বে হস্তান্তর করতে হবে।
৩.জেলা পরিষদের জায়গায় মুক্তিযোদ্ধাদের নিজস্ব অর্থায়নে তৈরিকৃত "মুক্তিযোদ্ধা সংসদ ভবন" নাচোল উপজেলার মুক্তিযোদ্ধাদের নতুন করে লিজের মাধ্যমে চাবি বুঝিয়ে দিতে হবে। ৪. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত সর্বপ্রকার সাংগঠনিক কাজ পরিচালনার জন্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি ৭ সদস্য বিশিষ্ট ‘অ্যাডহক কমিটি’ গঠন করতে হবে। ৫.নাচোল উপজেলা বিআরডিবি (BRDB) অফিসে বরাদ্দকৃত ৯ লক্ষ ৮০ হাজার টাকার লোন পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শুধুমাত্র উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণের ব্যবস্থা করতে হবে। ৬.নাচোল উপজেলার মুক্তিযোদ্ধা সমবায় সমিতি শুধুমাত্র স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠন করতে হবে এবং সরকারি পুকুর লিজের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা প্রদান করতে হবে। সভায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন