জ্বালানী তেল মজুদ করলে শুধু জরিমানা নয়, করাদণ্ড দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, তেলের মজুত ঠেকাতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়ার পরিকল্পনা আছে। শুধুমাত্র জরিমানা নয় দরকার হলে কারাদণ্ড প্রদানও করা হবে।
তিনি বলেন, মোটরসাইকেল চালক যারা আছেন, তাদের অনেকের মধ্যে তেল মজুতের প্রবণতা আছে। তারা জ্বালানী তেল নিচ্ছেন আবার ওই তেল অন্য কোন কন্টেইনারে রেখে আবার পেট্রলপাম্পে যাচ্ছেন তেল নিতে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক পেট্রোলপাম্পকে তেল বিক্রির পর স্লিপ দিতে হবে। পরবর্তী কেনার সময় সেই স্লিপ চেক করতে হবে। কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি এই সুযোগ পেট্রল পাম্প কর্তৃপক্ষকে দেয়া হচ্ছে না। চালকরা পেট্রোল পাম্পের মালিকদের হুমকি ধামকি দিচ্ছেন।
জেলা প্রশাসক আরও বলেন, আমি নিজেও গতকাল দুটো পেট্রোল পাম্পে গিয়ে দেখেছি যে লাইসেন্স বিহীন অনেক মোটরসাইকেল আসছে এবং তারা বল প্রয়োগ করছে তেল নেয়ার জন্য। পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে তারা দুর্ব্যবহার করছে।