চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’। গত কয়েক বছর ধরে চালু থাকা এ ক্যালেন্ডার থেকে সরে এসে এবার আম পরিপক্ব হওয়ার পরই সংগ্রহ ও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা’য় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় আম চাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও গবেষকদের মতামত গ্রহণ করা হয়।
সভা শেষে জেলা প্রশাসক জানান, আম উৎপাদনকারী, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের অধিকাংশই ম্যাংগো ক্যালেন্ডার না রাখার পক্ষে মত দিয়েছেন। সেই বিবেচনায় এবার নির্দিষ্ট সময়সূচি থাকছে না। তবে গাছের আম পরিপক্ব হলেই তা সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
তিনি আরও বলেন, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কোনোভাবেই কাঁচা বা অপরিপক্ব আম বাজারে আনা যাবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমানসহ আম চাষি ও ব্যবসায়ীরা।