চাঁপাইনবাবগঞ্জের পিঠালী তোলার বিল এলাকায় কৃষক ও পথচারীদের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘবে এগিয়ে এলেন এক বইপ্রেমী তরুণ। নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন নাহিদ উজ্জামান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বিল এলাকায় কাজ করতে আসা কৃষক এবং চলাচলকারী পথচারীদের জন্য বিশুদ্ধ পানির কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। বিশেষ করে গরম মৌসুমে পানির সংকটে পড়তে হতো সবাইকে। এ সমস্যা উপলব্ধি করেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন নাহিদ।
টিউবওয়েল স্থাপনের ফলে এখন কৃষকরা মাঠে কাজ করার সময় সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারছেন। পাশাপাশি পথচারীরাও এতে উপকৃত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ শুধু পানি সংকট দূর করেনি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ বিষয়ে কয়েকজন কৃষক জানান, “আগে পানি খেতে অনেক দূরে যেতে হতো। এখন কাছেই টিউবওয়েল থাকায় আমাদের অনেক সুবিধা হচ্ছে।”
এলাকাবাসী নাহিদ উজ্জামানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এভাবে এগিয়ে আসা উচিত।
মানবিক কাজের মাধ্যমে নাহিদ উজ্জামান প্রমাণ করেছেন—সামান্য উদ্যোগও সমাজে বড় পরিবর্তন আনতে পারে।