চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
রোববার (২৮ জুন) এ সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি জারি করা হয়। এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, শিক্ষক সেলিম রেজা পঞ্চম শ্রেণির প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র এক অভিভাবকের কাছে ফাঁস করেছিলেন। তিনি ছাত্র-ছাত্রীদের জোর করে নিজের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করতেন।
কেউ প্রাইভেট না পড়লে তাকে নানাভাবে মানসিক নির্যাতন করা হতো বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশের ভিত্তিতে জেলা শিক্ষা অফিস এই পদক্ষেপ নেয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষকের কর্মকাণ্ডকে সরকারি চাকরিজীবীদের নিয়ম অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য।
শিক্ষা কর্মকর্তা আরও বলেন, কেন তাকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো শাস্তি দেওয়া হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।