“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল হোসেন, অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও প্রধান শিক্ষক, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়; বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন আক্তার সবুর, ডা. মোঃ তোফায়েল হোসেন, সদস্য, ঠাকুরগাঁও জেলা বিএনপি; মোঃ হারুন অর রশীদ, সভাপতি, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব এবং মোঃ মসিউর রহমান, সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভূমি সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিজিটাল পর্দার মাধ্যমে ভূমি সেবার বিভিন্ন কার্যক্রম ও অনলাইনভিত্তিক সেবা জনগণের সামনে উপস্থাপন করা হয়। এতে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের পদ্ধতি ও ডিজিটাল ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং হয়রানিমুক্ত ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় আগত সেবাগ্রহীতাদের জন্য ই-নামজারি, খতিয়ান প্রদান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমি সেবা প্রদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়।