জাতীয় সংসদ নির্বাচনের একই বছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার কার্যক্রম শুরু করেছে কমিশন। আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত একটি চিঠি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে।
এ অনুযায়ী, ভোটার ডাটাবেজে ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্ম নেওয়া এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট।
খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করার শেষ সময় ২৪ আগস্ট। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং সংশোধিত তথ্য সংযুক্ত করার শেষ সময় ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। পাশাপাশি ভুলত্রুটি সংশোধনের সুযোগের বিষয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা, স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরের মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, খসড়া তালিকায় পুরুষ ভোটারের স্থানে নারী ভোটার, নারী ভোটারের স্থানে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, ধর্মীয় তথ্যসহ অন্যান্য ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে।
বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।