
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার (৮ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন নুনগোলা কেডিসি পাড়ার মোসা. সাজেদা বেগম (৪৭) ও তার স্বামী মো. আব্দুস সাত্তার (৭০)। অভিযানে সাজেদা বেগমের কাছ থেকে ৭০ গ্রাম এবং আব্দুস সাত্তারের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আব্দুস সাত্তারের বিরুদ্ধে পূর্বে ৯টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা আব্দুস সাত্তারকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি সাজেদা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান থাকবে।
Reporter Name 

















