
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হায়াত মোড় এলাকার ‘মা ফার্মেসী’। দীর্ঘস্থায়ী অসুস্থতা কিংবা জরুরি প্রয়োজনে অর্থের অভাবে যারা প্রয়োজনীয় ঔষধ কিনতে হিমশিম খাচ্ছেন, তাদের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। এখন থেকে দুস্থ ও অভাবী রোগীরা মা ফার্মেসী থেকে বিশেষ ছাড়ে এবং সাশ্রয়ী মূল্যে জীবন রক্ষাকারী ঔষধ সংগ্রহ করতে পারবেন।
মা ফার্মেসী কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগের ফলে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ, যারা নিয়মিত ঔষধের উচ্চমূল্য নিয়ে চিন্তিত ছিলেন, তারা এখন থেকে অনেক কম মূল্যে মানসম্মত ঔষধ পাবেন।
এ বিষয়ে মা ফার্মেসীর পরিচালক মো: মুরসালীন বলেন, “ব্যবসায়িক লাভের চেয়ে মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। অনেক সময় দেখি টাকার অভাবে দরিদ্র মানুষ সঠিক সময়ে ঔষধ কিনতে পারেন না। তাদের কষ্টের কথা চিন্তা করেই আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই বিনা চিকিৎসায় কষ্ট পাবে না।”
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, “বর্তমানে ঔষধের যে দাম, তাতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য নিয়মিত চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে। মা ফার্মেসীর এই ছাড়ের সুবিধা আমাদের জন্য অনেক বড় এক আশীর্বাদ।”
নিজস্ব প্রতিবেদক 








