
আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?”—এই প্রশ্নকে সামনে রেখে সারা দেশে যখন গণভোট–২০২৫ নিয়ে সচেতনতা সৃষ্টি কার্যক্রম চলছে, তখন চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলাতেও কর্মতৎপরতা বেড়েছে বহুগুণ। সাধারণ ভোটারদের কাছে গণভোটের মূল চারটি প্রস্তাব অত্যন্ত পরিষ্কার ও সহজভাবে উপস্থাপন করতে মাঠে নেমেছেন প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে নাচোল উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। সে সময় প্রচার কাজে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, এবং দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার ও সদস্যরা। মাঠপর্যায়ে ভোটারদের সরাসরি অবহিত করতে তাঁরা লিফলেট বিতরণ, গণশুনানি, ভোটার ব্রিফিংসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
প্রচারণায় বিশেষভাবে উপস্থাপন করা হয় গণভোটের মূল বিষয়গুলো—
গণভোটের প্রস্তাবসমূহ
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে পুনর্গঠন।
(খ) আগামী জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করার পাশাপাশি ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা।
(গ) নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ও মেয়াদসহ ৩০টি বিষয়ে জুলাই সনদে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে বিজয়ী দলসমূহের বাধ্যবাধকতা।
(ঘ) জুলাই সনদে উল্লিখিত অন্যান্য সংস্কারসমূহ রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন। প্রচারণাকর্মীরা জানান, সাধারণ জনগণকে সচেতন করা এবং গণভোটের গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এ কর্মসূচি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা একযোগে মাঠে কাজ করায় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। এ সময় দায়িত্বশীল কর্মকর্তারা জনগণকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে গণভোট সম্পন্ন করার বিষয়ে সহযোগিতার আহ্বান জানান, নির্ভয়ে ভোট সেন্টারে ভোট দিতে যাওয়ার জন্য সবাইকে বিশেষভাবে যাওয়ার জন্য বলা হয়।
নিজস্ব প্রতিবেদক 








