
ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ (ডিকাপ)-এর উদ্যোগে রাজধানীতে প্রীতি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বসবাসরত চককীর্তি ইউনিয়নের নাগরিকদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শিকড়ের টানে মানবকল্যাণে রাখবো অবদান, একতার বন্ধনে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল (মিরপুর) শাখার প্রশাসনিক ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ঢাকায় বিচ্ছিন্নভাবে বসবাসকারী এলাকার মানুষদের একত্রিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ২০২৪ সালে কয়েকজনের উদ্যোগে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম এখন একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। ভবিষ্যতে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম রুমি নিজের শৈশব স্মৃতিচারণ করে বলেন, গ্রামের সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, জুলকার নায়েন (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঢাকা উত্তর সিটি করপোরেশন), মো. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির ব্যবস্থাপক মুহা. আব্দুর রাকিব।
পুনর্মিলনীতে চককীর্তি ইউনিয়নের ঢাকায় চাকুরিরত অনান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক 


















