
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপিনেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া’র পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে চাঁপাই লাইভকে তিনি বলেন, আপার পক্ষে আমি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ ১২ এপ্রিলের মধ্যে তা জমা দেয়া হবে।
বিএনপির রাজনীতিতে অতি পরিচিত মুখ আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্বামী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক।
এর আগে বেলা ১১ টায় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, এবার প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নিজস্ব প্রতিবেদক 


















