
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
সোমবার (২৩ মার্চ ২০২৬) ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রামদাসপুর বিওপির একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রামদাস বিল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পাতার বিড়ি ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস এবং ভারতীয় কারেন্ট জাল ১৫৭ কেজি। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিজস্ব প্রতিবেদক 


















