
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযানে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫ হাজার টাকা।
রোববার (১৪ জুন) ভোর ও বিকেলে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে পরিচালিত দুটি পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির সদস্যরা কোটালীপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেন। পরে একই এলাকায় বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে চলতি জুন মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে মোট ৬২১ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 


















