
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)। তারা দুজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ে এবং জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের অন্যদের আগে নদীতে নেমে পড়ে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।
পরে স্থানীয়দের সহায়তায় দুই কিশোরকে নদী থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
Reporter Name 


















