চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৯টি সোলার প্যানেল ও ৫১ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, গত ১৩ নভেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় ৯টি সোলার প্যানেল জব্দ করা হয়।
অন্যদিকে, গত ৮ নভেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীস্বরণী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৫১ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দ করা সোলার প্যানেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, জব্দ করা সিরাপ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।