চাঁপাইনবাবগঞ্জে সার কালোবাজারির অভিযোগ, ট্রাকভর্তি ৭০০ বস্তা ইউরিয়াসহ চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
আটক চালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সার জব্দের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সকাল থেকে তার দোকানও বন্ধ দেখা গেছে।
পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযান চালিয়ে ৭০০ বস্তা সার জব্দ করা হলেও সংশ্লিষ্ট ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উদ্ধার করা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।