
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও ওয়াশ উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল গোমস্তাপুর থানাধীন রাইহোগ্রাম পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে রাইহোগ্রাম পূর্বপাড়াস্থ আসামী রবি হেমরমের নিজ দখলীয় দুই কক্ষ বিশিষ্ট মাটির দেয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতবাড়ির পূর্ব পাশের দক্ষিণমুখী শয়ন ঘরে খাটের নিচে মেঝেতে তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাইমদ এবং ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রবি হেমরম (৬৪)। তিনি মৃত বাড়ু হেমরম ও মৃত সিতা হাসদার ছেলে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রাম পূর্বপাড়া এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
Reporter Name 





















