
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৫৩ বিজিবির অধীন মনোহরপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করে।
বিজিবি জানায়, জব্দ করা ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৯ হাজার ৬০০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট ২৭১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪৬ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ১০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, অবৈধ চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: 

















