
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় শুধু মাঠের সাফল্যেই সীমাবদ্ধ থাকেনি, প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সর্বশেষ র্যাঙ্কিংয়েও! ব্যাটিং-বোলিং ও দলীয় অবস্থান-সবখানেই এগিয়েছে বাংলাদেশ। আর এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুই ইনিংসে ১০১ ও ৮৭ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শান্ত। তার পথ ধরে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক লাফে ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩ নম্বরে। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। একই রেটিং পয়েন্ট নিয়ে তার পাশে আছেন পাকিস্তানের বাবর আজম, যিনি হাঁটুর চোটে মিরপুর টেস্টে খেলতে পারেননি। মাঠে শান্তর ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব ও ফিল্ডিংও ছিল নজরকাড়া।
শুধু শান্ত নন, মিরপুর টেস্ট বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটারের জন্যও নিয়ে এসেছে সুখবর। দুই ইনিংসেই অর্ধশতক করা মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। প্রথম ইনিংসে ৯১ এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেন তিনি। শান্তর সঙ্গে দুই ইনিংসেই তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়ে দলের ভিত গড়ে দেন এই বাঁহাতি ব্যাটার। একই রেটিং পয়েন্ট নিয়ে তাঁর অবস্থান অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের পাশে।
অভিজ্ঞ মুশফিকুর রহিমও এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করা এই ব্যাটার দুই ধাপ এগিয়ে এখন ২৬ নম্বরে অবস্থান করছেন।
বোলিংয়েও বাংলাদেশের সাফল্যের প্রতিফলন দেখা গেছে র্যাঙ্কিংয়ে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৪ নম্বরে। আর তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি নেন ৪ উইকেট। মেহেদী হাসান মিরাজ আগের অবস্থানেই আছেন। মিরপুর টেস্টে ৬ উইকেট নেওয়ার পরও তিনি ২৭ নম্বর ধরে রেখেছেন।
টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রীত বুমরা। তার পরেই আছেন মিচেল স্টার্ক, ম্যাট হেনরি ও প্যাট কামিন্স। অন্যদিকে ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন হ্যারি ব্রুক ও ট্রাভিস হেড।
মিরপুরের এই জয় বাংলাদেশের জন্য আরও একটি বড় অর্জন এনে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ছয় নম্বরে। শান্তদের সফলতার হার এখন ৪৪ দশমিক ৪৪ শতাংশ। বিপরীতে পাকিস্তান নেমে গেছে সাত নম্বরে।
মিরপুরে আত্মবিশ্বাসী এক জয়ের পর এবার বাংলাদেশের চোখ সিলেট টেস্টে। আগামী ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
Reporter Name 























