
চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড়স্থ আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে সিয়েস একাডেমি অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্টের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘ফেয়ারওয়েল অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ. জে. এম. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সিজ একাডেমি অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী (সিইও) মোঃ হাসিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে ইসলামী গজল, সংগীত, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, ভিডিও প্রেজেন্টেশন এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এ. জে. এম. মাসুদুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি মোঃ ওমর ফারুক শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতার সমন্বয়ে সফল ক্যারিয়ার গড়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মোট ৫টি ব্যাচের ১৫৫ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুন্দর ভবিষ্যৎ ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করে ‘ফেয়ারওয়েল অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’-এর সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিনিধি 


















