
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (০৩ মে ২০২৬) ভোর ৪টার দিকে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে টহল পরিচালনার সময় এক চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৪১ হাজার টাকা বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















