
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিন পেলেও ওই দেশ ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানান, বেনজীরের জামিনের চূড়ান্ত শর্ত জানতে আদালতের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা হয়েছে।
রোববার (০২ আগস্ট) বিকালে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিন পেলেও ইউএই ত্যাগ করতে পারবেন না-এমন শর্তে সেখানে জামিন পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তার জামিনে আদালতের চূড়ান্ত শর্তাবলি জানতে জামিনের সার্টিফাইড কপির আবেদন করা হয়েছ
তিনি বলেন, এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব এবং ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সেখানে একটি অভিজ্ঞ ‘ল ফার্ম’ (আইনি প্রতিষ্ঠান) নিয়োগ করা হয়েছে। ‘ল ফার্ম’কে উক্ত জামিন বাতিলের (বেইল ক্যান্সেলেশন) জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে আশাবাদী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নিজস্ব প্রতিনিধি 












