
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পরিচয়ে পেট্রলপাম্পে প্রভাব খাটিয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন মো. অলিউল্লাহ নামের এক যুবক। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে তাকে আটক করে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অলিউল্লাহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের বাসিন্দা ও মো. ইসারুলের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অবস্থিত রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন তিনি। এ সময় পাম্পের কর্মচারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়, ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণার চেষ্টা করছিলেন।
তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাজশাহীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 
















