
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, বাহুবলের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এছাড়া বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুর রকিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং দুর্ঘটনামুক্ত কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের পাশাপাশি মালিকপক্ষ ও শ্রমিকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীদের মাঝে শ্রমিক অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
Reporter Name 
















