
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হুজরাপুর পিএম কলেজপাড়া এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মো. আসিক (২৫) অভিযোগ করেন, গত ১২ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে তার বসতবাড়িতে অভিযুক্তরা প্রবেশ করে গালিগালাজ শুরু করে। বাধা দিলে অভিযুক্ত মো. আলিম (৩৬), শাপলা বেগম (৩৩) ও পিয়ারা বেগম (৫৫) লাঠিসোটা ও লোহার দণ্ড নিয়ে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলার সময় জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। বাদীকে মারধরের একপর্যায়ে তার স্ত্রী ও স্বজনরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে আফিয়া বেগম ও মানুয়ারা বেগম আহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় আহত আফিয়া বেগমের কাছে থাকা প্রায় ১৫ হাজার ৯৭৮ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া মানুয়ারা বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, খুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বাদীর দাবি, একপর্যায়ে তাকে মাটিতে ফেলে গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরে আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর বাদী চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করেন।
Reporter Name 


















