চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন ককটেলের কারিগর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর আহত অবস্থায় পালিয়ে রাজশাহীতে আশ্রয় নিয়েছিলেন নাজমুল করিম ওরফে নুরুল। নগরের একটি বাসায় গোপনে চলছিল তাঁর চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। এসআরবি-৫-এর দাবি, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গেও জড়িত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালান এসআরবি সদস্যরা। তখন নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। তাঁকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জের পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে ছিলেন নাজমুল।
আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরোখাদিয়া পশ্চিমপাড়ায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।
বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তাঁরা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন।
ওই নারী দাবি করেন, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল স্বীকার করেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। তাঁকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। তাঁর চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে আদালতে তোলা হবে।