
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুস্থ, অসহায় ও এতিমদের জন্য বরাদ্দকৃত সরকারি খেজুরের চালান জেলা শহরে এসে পৌঁছেছে। বুধবার (১১ মার্চ) জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে ৩৭ কার্টুন খেজুর সংক্রান্ত দাপ্তরিক চিঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের মিডিয়া টিম।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, বরাদ্দকৃত এই খেজুর সংগ্রহের প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই উপজেলার প্রকৃত অসহায় ও এতিমখানাগুলোতে বিতরণের কাজ শুরু করা হবে।
এ বিষয়ে তার মিডিয়া টিমের বরাত দিয়ে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল জানান, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই অঙ্গীকার থেকেই আমার নির্বাচনী এলাকার সকল উন্নয়ন কার্যক্রম ও সরকারি বরাদ্দের তথ্য নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে।”
তিনি আরও জানান, খেজুর বিতরণের বিস্তারিত সময়সূচী এবং অন্যান্য সরকারি বরাদ্দের আপডেট পর্যায়ক্রমে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে। উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 


















