
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমাইল এলফাত। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত আটলান্টার মার্সিডিজ–বেনজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা।
মরক্কোয় জন্ম নেওয়া ৪৪ বছর বয়সী এলফাত চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। জাপান–নেদারল্যান্ডস, উরুগুয়ে–স্পেন এবং ব্রাজিল–নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এই তিন ম্যাচে তিনি আটটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে।
আর্জেন্টিনার জন্য এলফাত একেবারে অপরিচিত নন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবলে খেলায় লিওনেল মেসির ম্যাচ পরিচালনারও অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালে ইন্টার মায়ামির লিগস কাপ জয়ের ফাইনালেও দায়িত্বে ছিলেন এলফাত।
তবে আর্জেন্টিনার সঙ্গে তার একটি হতাশার স্মৃতিও রয়েছে। টোকিও অলিম্পিকে ২০২১ সালে (২০২০ আসর) আর্জেন্টিনার একটি গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। সেই ম্যাচ ১–১ গোলে ড্র হওয়ার পর অলিম্পিক থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। ওই দলে থাকা ফাকুন্দো মেদিনা ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এখন জাতীয় দলেরও নিয়মিত সদস্য।
মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাত ১৮ বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যুক্তরাষ্ট্রে যান। পরে ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন এবং নিয়মিত মেজর লিগ সকার (এমএলএস) পরিচালনা করছেন।
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচে এলফাতের সহকারী হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।
Md Biplob Ahommed 

















