
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (১৩ মে ২০২৬) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চামুচা বিওপি’র সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (Tapentadol) জব্দ করে।
এসময় একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Reporter Name 


















