
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে পুশইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুলাই রাত প্রায় ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মুসলিমপাড়া সীমান্তে নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ করে পুশইনের চেষ্টা করা হচ্ছে এমন তথ্য পায় বিজিবি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করে।
শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় ১২ জন ব্যক্তি অবস্থান করছিলেন। তাদের বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা দেখা দিলে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন। এতে কথিত পুশইনের প্রচেষ্টা সফল হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে করে ওই ১২ জনকে মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
মোঃ সিফাত রানা
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১৫৫৬২৯২৪
Reporter Name 













