
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সোমবার দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, জেলার প্রধান এই হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবলের ঘাটতি রয়েছে। তিনি বলেন, “যে পরিমাণ ডাক্তার ও স্টাফ প্রয়োজন, সে পরিমাণ নেই। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেও রোগীদের সব ধরনের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালকে ঘিরে, জেলা ড্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত সুপারিশের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের কয়েকজন চিকিৎসককে বদলি করা হয়েছে।
এ বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, “চিকিৎসকদের এই বদলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে আমি মনে করি।”
হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান এবং জনবল সংকট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন সংসদ সদস্য। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

















