
পদ্মা নদীর চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করা নৌ অ্যাম্বুলেন্সটি রক্ষণাবেক্ষণ, জনবল ও অর্থ সংকটের কারণে বর্তমানে অচল হয়ে পড়ে আছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জরাজীর্ণ অবস্থায় এটি পড়ে থাকায় জরুরি মুহূর্তে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্গম চরাঞ্চলের হাজারো মানুষ। গুরুতর রোগীদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের, এমনকি খোলা আকাশের নিচে পড়ে থাকায় মাদকসেবীরা এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, ২০২০ সালের ২৫ আগস্ট শিবগঞ্জের পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনা করে ৩৫ লাখ টাকা ব্যয়ে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছিল। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁকা ইউনিয়ন পরিষদকে। উদ্বোধনের প্রথম কয়েক মাস সেবা দিলেও ২০২২ সালের পর থেকে এর চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি ইউনিয়ন পরিষদের পাশেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনের অযত্নে নৌ অ্যাম্বুলেন্সটির কাঠামো ও ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা শহিদুজ্জামান ও শামীম রেজা অভিযোগ করেন, কয়েক মাস ভালো চলার পর এটি হঠাৎ বন্ধ হয়ে যায়। বর্তমানে এর সাইরেন, সিট ও ইঞ্জিনের নাট-বল্টুসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় প্রসূতি মা ও গুরুতর রোগীদের জন্য এটি ছিল একমাত্র ভরসা। কিন্তু সচল রাখার কোনো উদ্যোগ না থাকায় এটি এখন শিশুদের খেলার বস্তুতে পরিণত হয়েছে।
জেলা সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দিন জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। আগামীতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
Md Biplob Ahommed 


















