
সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অপব্যবহার ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সুযোগে তেল পাচারের ঝুঁকি এড়াতে বিশেষ তল্লাশি ও নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
শনিবার (৭ মার্চ) বেলা ১২টায় ভারত সীমান্তবর্তী ভোমরা জিরো পয়েন্টে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
ব্রিফিংয়ে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও মূল্যে অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব থেকে দেশের জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
বিজিবি অধিনায়কের বিশেষ নির্দেশনা অনুযায়ী, ভোমরা স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী বিদেশি কার্গো যানবাহন যেন কম জ্বালানি নিয়ে ঢুকে এদেশ থেকে ট্যাংক পূর্ণ করতে না পারে এবং বাংলাদেশি কার্গো যেন প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাইরে না যায়, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।
এছাড়া সাতক্ষীরা সদর ও কলারোয়া এলাকার ফিলিং স্টেশনগুলোতে তেলের সঠিক বিপণন নিশ্চিত করতে বিজিবি নিয়মিত তদারকি করছে। পাচারের সম্ভাব্য রুটগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাদমান সাদিক, উপ-সহকারী পরিচালক মাসুম বেগ এবং মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক 

















