
বিশ্বের সবচেয়ে বৃহত্তম রণতরি ও মার্কিন সামরিক বাহিনীর গর্বের প্রতীক জেরাল্ড আর. ফোর্ড টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে আগুনে জ্বলেছিল। জাহাজটির প্রধান লন্ড্রির একটি ড্রায়ারের ভেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে কয়েক ডজন নৌসেনা অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সমুদ্রে মোতায়েনের ১০ মাসে প্রবেশ করেছে রণতরি জেরাল্ড আর. ফোর্ড। গত বৃহস্পতিবার জাহাজটির প্রধান লন্ড্রির একটি ড্রায়ারের ভেন্ট থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত ছড়িয়ে পড়ে। নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লড়াই করে আগুন নেভাতে হয়েছে। কয়েক ডজন নাবিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।
আগুন নেভানোর পর ৬০০-র বেশি নাবিক তাদের বিছানা হারিয়েছেন। এরপর থেকে মেঝে ও টেবিলে রাত কাটাচ্ছেন তারা। অনেকে কাপড় কাচতেও পারছেন না
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টন ওজনের এ রণতরির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার মূল্যের এ রণতরিতে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে ‘চরম অস্বস্তিকর’।
সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটির প্রোপালশন ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি এবং এটি সম্পূর্ণ সচল রয়েছে। রণতরিটি এখন ২৪ ঘণ্টা বিমান অভিযান পরিচালনা করে যাচ্ছে।
জাহাজটির যাত্রা শুরু হয়েছিল গত বছরের ২৪ অক্টোবর ভূমধ্যসাগরে। সেখান থেকে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ওপর চাপ প্রয়োগে ক্যারিবিয়ানে যায়। এর ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে আসে।
নাবিকদের জানানো হয়েছে, মোতায়েন সম্ভবত মে মাস পর্যন্ত বাড়ানো হবে, মানে পুরো এক বছর সমুদ্রে কাটাতে হবে তাদের। সাধারণত সমুদ্রে রণতরি মোতায়েনে মেয়াদ থাকে ছয় মাস। ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের সময়েও নয় মাসের বেশি মোতায়েন রাখা হতো না। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত টিকলেই ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী দীর্ঘতম মোতায়েনের রেকর্ড ভেঙে যাবে। ২০২০ সালে ২৯৪ দিনের রেকর্ড গড়েছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল জন কার্বি বলছেন, ‘জাহাজের সেনারাও ক্লান্ত হয়ে পড়ে। এত দীর্ঘ সময় কঠোরভাবে চালিয়ে সর্বোচ্চ সক্ষমতা আশা করা যায় না।’
জানা গেছে, আগুনের সমস্যা ছাড়াও ফোর্ড একের পর এক যান্ত্রিক জটিলতায় ভুগছে। জাহাজের ৬৫০টি টয়লেটের পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা প্রায়ই বিকল হয়ে যায়। ছোট আকার ও ত্রুটিপূর্ণ নকশার কারণে এই সমস্যা বারবার দেখা দেয়। এই বছরের শুরুতে ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ নেভাল শিপইয়ার্ডে যে বড় রক্ষণাবেক্ষণের কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানে জাহাজটি তার সক্ষমতার শেষ সীমায় পৌঁছে যাচ্ছে। ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে আসার প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত শিগগিরই ফোর্ডের পরিবর্তে মোতায়েন করা হবে।
নিজস্ব প্রতিবেদক 


















