
অসহনীয় ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে জুড়িয়েছে প্রকৃতি। তবে এরই মধ্যে একযোগে দেশের বিভিন্ন প্রান্তের দিকে ধেয়ে আসছে ৩টি শক্তিশালী বজ্রঝড়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার দুপুরে এক ফেসবুক বার্তায় এই আশঙ্কার কথা জানিয়েছেন। তার দেওয়া তথ্যমতে, আজ দুপুরের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের একাধিক বিভাগে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বর্ষণ আঘাত হানতে যাচ্ছে।
গবেষক পলাশ জানান, আজ দুপুর পৌনে ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে তীব্র বজ্রপাত ও বৃষ্টির চাদরে ঢাকতে পারে রাজধানী ঢাকা। শুধু ঢাকা শহরই নয়, এর চারপাশের মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও এই ঝড় তাণ্ডব চালাতে পারে। একই সঙ্গে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে চলমান একটি ঝড় আজ বিকেল ৫টার মধ্যে ময়মনসিংহের সব জেলা, ঢাকার উত্তরাঞ্চল, সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, উত্তর কুমিল্লা এবং ভারতের ত্রিপুরা হয়ে বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলা অতিক্রম করবে।
অন্যদিকে, দ্বিতীয় ঝড়টি দুপুর ১২টার মধ্যে বরিশাল এবং দুপুর ১টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলো পার হয়ে যাবে। ঠিক একই সময়ে তৃতীয় আরেকটি ঝড় খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিকেল ৫টার মধ্যে খুলনা, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীর ওপর দিয়ে বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে বজ্রপাতের তীব্র ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার বিশেষ পরামর্শ দিয়েছেন এই আবহাওয়া গবেষক।
Reporter Name 

















