
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলওয়ে বাইপাস স্টেশন এলাকায় গভীর রাতে ট্রাক থামিয়ে ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়কটি ব্যবহারকারী চালক ও সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ট্রাকচালক সোহেল রানা জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি ট্রাক নিয়ে আমনুরা বাইপাস এলাকা অতিক্রম করছিলেন। এ সময় হঠাৎ ৭ থেকে ৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা টাকা ও মালামাল দাবি করে তারা।
সোহেল রানা আরও জানান, প্রাণভয়ে তিনি তার কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা ছিনতাইকারীদের দিয়ে কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি সদর উপজেলার আতাহার এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
তবে ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, আমনুরা বাইপাস এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। সেখানে ট্রাকের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, আমনুরা বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। নির্জন হওয়ায় প্রায়ই সেখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ফলে রাতে ওই সড়ক দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন চালক ও সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, এর আগেও ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমনুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। বারবার একই ধরনের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ অবস্থায় আমনুরা বাইপাস এলাকায় স্থায়ী পুলিশি টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা।
Reporter Name 



















